১৩ দিন ধরে নিখোঁজ মালদহের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, দুই সন্তানকে নিয়ে থানায় স্বামী

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভেলাবাড়ি গ্রামে এক চাঞ্চল্যকর নিখোঁজ সংবাদ সামনে এসেছে। বিসো মল্লিক (৩৪) নামে এক গৃহবধূ গত ২৩ ফেব্রুয়ারি ‘বোনের বাড়ি যাচ্ছি’ বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দীর্ঘ ১৩ দিন পার হলেও তাঁর কোনো খোঁজ না মেলায় দুই নাবালক সন্তানকে নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন তাঁর স্বামী বিকাশ মল্লিক।
নিখোঁজ বিসো মল্লিক এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ পরিচিত এবং ফেসবুকে রিলস বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক স্বামী বিকাশ মল্লিক ছুটিতে বাড়ি ফিরে স্ত্রীর সন্ধান না পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শ্যালিকার বাড়িতে খোঁজ নিয়েও স্ত্রীর হদিস না পাওয়ায় তিনি এখন দিশেহারা।
প্রাথমিক তদন্তে স্বামীর অনুমান, রিলস বানানোর সূত্রে পরিচিত কারও সঙ্গে হয়তো ঘর ছেড়েছেন ওই যুবতী। তবে সন্তানদের ফেলে হঠাৎ কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঘটনার প্রেক্ষিতে হরিশ্চন্দ্রপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।