১৮ লক্ষ টাকার গ্যাস সিলিন্ডারসহ ট্রাক চুরি, তদন্তে ঝাঁসি পুলিশ

উত্তরপ্রদেশের ঝাঁসিতে রান্নার গ্যাসে ভর্তি একটি ট্রাক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের প্ল্যান্ট থেকে ৫২৪টি সিলিন্ডার নিয়ে কানপুর দেহাতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ট্রাকটির। তবে হোলি উৎসবের ছুটিতে প্ল্যান্টের বাইরে পার্ক করা অবস্থায় রহস্যজনকভাবে ট্রাকটি নিখোঁজ হয়ে যায়।
পরবর্তীতে ঝাঁসির বনগাঁও এলাকার হাইওয়ের পাশে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ট্রাক মালিক নীরজ আগরওয়াল জানান, ট্রাকের জিপিএস সিস্টেমটি পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে এবং ১৮ লক্ষ টাকা মূল্যের সমস্ত সিলিন্ডার উধাও। ৫ মার্চ এই চুরির ঘটনাটি নজরে আসার পরই তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
সিপ্রি বাজার থানার পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। স্টেশন ইনচার্জ জয়প্রকাশ চৌবে জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে জ্বালানি সরবরাহে বিশ্বব্যাপী উদ্বেগের আবহে এত বিশাল পরিমাণ এলপিজি সিলিন্ডার চুরির ঘটনায় জেলাজুড়ে শোরগোল পড়ে গেছে।