১৯৭১-এর বর্বরোচিত নৃশংসতাকে ‘গণহত্যা’র স্বীকৃতির দাবি মার্কিন কংগ্রেসে

১৯৭১-এর বর্বরোচিত নৃশংসতাকে ‘গণহত্যা’র স্বীকৃতির দাবি মার্কিন কংগ্রেসে

মার্কিন কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে স্বীকৃতির দাবি উঠেছে। ওহাইওর ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ ল্যান্ডসম্যান সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটিতে বিশেষ করে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু হওয়া ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে বাঙালি হিন্দু ও সাধারণ নাগরিকদের ওপর চালানো পদ্ধতিগত দমনপীড়নকে চিহ্নিত করা হয়েছে।

উত্থাপিত প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন জামাতে ইসলামী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালিয়েছে। ঐতিহাসিক ‘ব্লাড টেলিগ্রাম’-এর সূত্র টেনে ল্যান্ডসম্যান জানান, তৎকালীন মার্কিন কূটনীতিকরাও এই বীভৎসতাকে ‘নির্বাচিত গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছিলেন। প্রস্তাবে নারী নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তর এবং লাখ লাখ মানুষের দেশত্যাগে বাধ্য করার ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার আহ্বান জানানো হয়।

বর্তমানে প্রস্তাবটি মার্কিন বিদেশ বিষয়ক কমিটিতে পর্যালোচনারাধীন রয়েছে। ল্যান্ডসম্যান মার্কিন প্রেসিডেন্টের কাছে আবেদন জানিয়েছেন যেন যুক্তরাষ্ট্র সরকার এই ঐতিহাসিক সত্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। বাঙালি বংশোদ্ভূত মানুষের ওপর চালানো এই বর্বরোচিত হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ মর্যাদা প্রদান এবং অপরাধীদের কৃতকর্মের নিন্দা জানানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এটি কার্যকর হলে দীর্ঘ পাঁচ দশক পর আন্তর্জাতিক মহলে এক বড় কূটনৈতিক জয় আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *