১৯৭১ সালের বাঙালি হিন্দু গণহত্যা নিয়ে উত্তাল মার্কিন সংসদ, অভিযুক্ত পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপের দাবি

১৯৭১ সালে বাঙালি হিন্দুদের ওপর চালানো বর্বরতাকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি উঠল মার্কিন কংগ্রেসে। ওহিও অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সংসদ সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান মার্কিন প্রতিনিধি সভায় একটি বিশেষ প্রস্তাব পেশ করেছেন। এই প্রস্তাবে ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী জামায়াতে ইসলামীর চালানো নৃশংসতাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবটিতে অপারেশন সার্চলাইটের ভয়াবহতা উল্লেখ করে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি নিধন এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে যে গণধর্ষণ ও নিধনযজ্ঞ চালানো হয়েছিল, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া জরুরি। ল্যান্ডসম্যান তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের সেই ঐতিহাসিক ‘ব্লাড টেলিগ্রাম’-এর প্রসঙ্গ টেনে মার্কিন সরকারের তৎকালীন নীরবতার কঠোর সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্টের কাছে দাবি জানানো হয়েছে যেন ১৯৭১ সালের এই নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘জেনোসাইড’ বা গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।