১ এপ্রিল থেকে অনলাইন পেমেন্টে বড় বদল, জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের

ডিজিটাল লেনদেনের সুরক্ষা নিশ্চিত করতে ১ এপ্রিল ২০২৬ থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা ২এফএ নিয়ম। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের পিন, ওটিপি বা বায়োমেট্রিকের মতো অন্তত দুটি স্তরের নিরাপত্তা যাচাইকরণ প্রক্রিয়া পার করতে হবে। সাইবার অপরাধীদের হাত থেকে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ বাঁচাতে এবং ওটিপি চুরির মাধ্যমে হওয়া জালিয়াতি রুখতেই কেন্দ্রীয় ব্যাঙ্ক এই অত্যাধুনিক ও ‘ডাইনামিক’ সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এই নিয়মের সবথেকে স্বস্তিদায়ক দিক হলো গ্রাহকদের আর্থিক নিরাপত্তা। যদি কোনো লেনদেনের সময় নির্ধারিত নিরাপত্তা বিধি পালনে ত্রুটি থাকে এবং গ্রাহক সাইবার প্রতারণার শিকার হন, তবে সেই দায়ভার সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পেমেন্ট সংস্থাকেই নিতে হবে। গ্রাহকের কোনো আর্থিক ক্ষতি হলে সংস্থাটি সেই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। এছাড়া ছোট ও বড় লেনদেনের ঝুঁকির ওপর ভিত্তি করে নিরাপত্তার স্তর নির্ধারিত হবে। এমনকি ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও এই অভেদ্য নিরাপত্তা বলয় কার্যকর করার পরিকল্পনা রয়েছে।