১ এপ্রিল থেকে ডিজিটাল লেনদেনে বড় বদল, প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ আরবিআইয়ের

নতুন অর্থবর্ষের শুরু থেকেই বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গ্রাহকদের আমানত সুরক্ষিত রাখতে এবং ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি রুখতে দ্বি-স্তরীয় যাচাই প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে। এখন থেকে ইউপিআই বা কার্ডের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করতে হলে ওটিপির পাশাপাশি অতিরিক্ত পিন, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক অথেন্টিকেশন প্রয়োজন হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকছে। এছাড়া ব্যাঙ্কের গাফিলতিতে জালিয়াতি হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককেই গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে এবং দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) ইউপিআই ব্যবহারে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে। একজন ব্যবহারকারী দিনে ৫০ বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না এবং সর্বোচ্চ ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে। টাকা লেনদেনের স্থিতি পরীক্ষার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বা ইএমআই-এর মতো অটো-ডেবিট পেমেন্টগুলো এখন থেকে সকাল ১০টার আগে এবং রাত সাড়ে ৯টার পরে সম্পন্ন হবে।
বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক ইউপিআই লেনদেনের ওপর নির্দিষ্ট সীমা ধার্য করেছে। এইচডিএফসি ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানগুলো মাসিক লেনদেনের সীমা অতিক্রম করলে প্রতি ট্রানজ্যাকশনে ২৩ টাকা ও অতিরিক্ত কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ম কার্ডের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি রুপে প্লাটিনাম কার্ডের মাধ্যমে বিমানবন্দর ও রেল স্টেশনে পাওয়া বিশেষ সুযোগ-সুবিধাগুলো আজ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ডিজিটাল লেনদেন সামান্য সময়সাপেক্ষ হলেও এটি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তাকে আরও জোরদার করবে।