১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম কাটার ছক? নির্বাচন কমিশনকে ‘ছুপা রুস্তম’ বলে তোপ মমতার

১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম কাটার ছক? নির্বাচন কমিশনকে ‘ছুপা রুস্তম’ বলে তোপ মমতার

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ আর নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিঃশব্দে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন! বিস্ফোরক এই অভিযোগ তুলে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরের এক অনুষ্ঠান মঞ্চ থেকে কমিশনকে ‘ছুপা রুস্তম’ বলে কটাক্ষ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হতে পারে।

বিধানসভা ভোটের মুখে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতি এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে কাজ চললেও পর্দার আড়ালে অন্য খেলা চলছে। তিনি বলেন, “প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছিল। এখন লজিকাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে সেই সংখ্যাটা ১ কোটি ২০ লক্ষে নিয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে।” ১৪ ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ডিজিটাল লগ-ইন আইডি ব্যবহার করে লুকিয়ে নাম কাটা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের মানুষের নাম বাদ যাচ্ছে কি না সেটা বড় কথা নয়, একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়া মানেই গণতন্ত্রের কণ্ঠরোধ করা। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে, এত কম সময়ের মধ্যে কয়েক লক্ষ নথি যাচাই করা কমিশনের পক্ষে কতটা সম্ভব, তা নিয়ে প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসারদের দিয়ে অভিযোগ খতিয়ে দেখার কথা থাকলেও, খোদ মুখ্যমন্ত্রীর এই নতুন আশঙ্কা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। এদিন প্রায় ৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সেরেও মমতার গলায় ছিল কেবলই সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার আর্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *