২০০ আসন থেকে পিছু হটল বিজেপি: হাজরার মঞ্চে জয়ের নতুন লক্ষ্যমাত্রা দিলেন অমিত শাহ

২০০ আসন থেকে পিছু হটল বিজেপি: হাজরার মঞ্চে জয়ের নতুন লক্ষ্যমাত্রা দিলেন অমিত শাহ

একুশের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বঙ্গ জয়ের লক্ষ্যমাত্রা কমাল বিজেপি। বৃহস্পতিবার কলকাতায় দলীয় প্রার্থীদের মনোনয়ন পর্বে যোগ দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানান, আগামী বিধানসভা নির্বাচনে দলের লক্ষ্য ১৭০টি আসন। ২০২১ সালে ঘোষিত ‘আব কী বার ২০০ পার’ স্লোগান থেকে সরে এসে শাহের এই সাবধানী লক্ষ্যমাত্রা নির্ধারণ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন হাজরা মোড়ের জনসভা থেকে শাহ যখন একে একে আসন জিতে ১৭০-এ পৌঁছানোর ডাক দিচ্ছেন, তখনই কর্মীদের একাংশের মধ্যে হতাশা প্রকাশ পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে দাঁড়িয়ে নেতার এমন মন্তব্য নিচুতলার কর্মীদের উৎসাহে ভাটা ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে সুনির্দিষ্ট সংখ্যা এড়িয়ে গেলেও, এদিন তিনি স্পষ্ট করে দিলেন যে বিজেপি এবার অনেক বেশি বাস্তবমুখী পথে হাঁটছে।

সভা শেষে রোড-শো চলাকালীন কালীঘাট এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি ও কালো পতাকা প্রদর্শনের ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয় এবং নিরাপত্তার স্বার্থে অমিত শাহকে মাঝপথেই রথ ছেড়ে গাড়িতে উঠতে হয়। এরপর প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া সেরে তিনি আসামের উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *