২০১১-র জনশুমারি মেনে মহিলা সংরক্ষণ দ্রুত কার্যকরের পথে কেন্দ্র

২০২৩ সালে পাস হওয়া মহিলা সংরক্ষণ আইন দ্রুত বাস্তবায়নে তৎপর হয়েছে নরেন্দ্র মোদী সরকার। বিশেষ সূত্রের খবর, নতুন জনশুমারি বা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার দীর্ঘ প্রতীক্ষা এড়িয়ে ২০১১ সালের জনশুমারির তথ্যের ভিত্তিতেই এই আইন কার্যকরের প্রস্তুতি চলছে। এই পরিকল্পনা সফল হলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হতে পারে, যার মধ্যে অন্তত ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
তবে এই পথে আইনি জটিলতা কাটানোই এখন বড় চ্যালেঞ্জ। বর্তমান আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, নতুন জনশুমারির পরেই এই সংরক্ষণ কার্যকর হওয়ার কথা। সেই বাধা দূর করতে বর্তমান বাজেট অধিবেশনেই সরকার একটি সংশোধনী বিল আনতে পারে। সংবিধানের ৩৬৮(২) অনুচ্ছেদ মেনে এই পরিবর্তনের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা অর্জনে বিরোধী দলগুলোর সমর্থন জরুরি।
রাজনৈতিক মহলের মতে, মন্ত্রিসভার সবুজ সংকেত মিললে আগামী সপ্তাহেই বিলটি রাজ্যসভায় পেশ করা হতে পারে। সম্প্রতি কংগ্রেসসহ বিরোধী দলগুলো এই আইনের রোডম্যাপ তৈরির দাবি জানিয়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্র তড়িঘড়ি এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মাস্টারস্ট্রোক দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। দিল্লির মসনদে নারীশক্তির প্রতিনিধিত্ব বাড়াতে সরকারের এই তৎপরতা এখন চূড়ান্ত পর্যায়ের অপেক্ষায়।