২০২৬-এর রণকৌশল সাজাতে জলপাইগুড়িতে মঙ্গল পাণ্ডে, নজরে উত্তরবঙ্গের পদ্ম দুর্গ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গে সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতে তৎপর হল বিজেপি। সোমবার জলপাইগুড়িতে দলের রণকৌশল নির্ধারণে ম্যারাথন বৈঠকে বসেন পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় ইনচার্জ তথা বিহারের মন্ত্রী মঙ্গল পাণ্ডে। গত নির্বাচনে উত্তরবঙ্গের বড় অংশে সাফল্য পেলেও বর্তমান পরিস্থিতি পর্যালোচনাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
জলপাইগুড়ি জেলার সাংগঠনিক হালহকিকত খতিয়ে দেখতে শহরের একটি হোটেলে জেলার ৩৪ জন মণ্ডল সভাপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বুথ স্তরের প্রকৃত রিপোর্ট এবং জনসংযোগের খতিয়ান সরাসরি নিচুতলার নেতৃত্ব থেকে সংগ্রহ করেন মঙ্গল পাণ্ডে। ময়নাগুড়ি, নাগরাকাটা ও ডাবগ্রাম-ফুলবাড়ির মতো জেতা আসনগুলি ধরে রাখতে বিশেষ জোর দেওয়া হয় এই আলোচনায়।
এদিনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী এবং জেলা সভাপতি শ্যামল রায়। আসন্ন নির্বাচনে উত্তরবঙ্গের গড় অটুট রাখতে এবং দলের অন্দরে সমন্বয় বৃদ্ধি করতে জেলা নেতৃত্বকে একগুচ্ছ প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ইনচার্জ।