২০২৬-এ বিজেপির পতন, দিল্লি দখলের হুঁশিয়ারি: মুর্শিদাবাদের সভা থেকে গর্জে উঠলেন মমতা

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দলীয় প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শমসেরগঞ্জের সভা শেষ করে হেলিকপ্টারে জিয়াগঞ্জে পৌঁছান তিনি। সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে নেত্রী স্পষ্ট জানান, ২০২৬-এর নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত এবং আগামী দিনে বাংলাই দিল্লি দখলের পথ প্রশস্ত করবে।
এদিনের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে আঘাত হানার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ-মাংস ও ডিম খাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করে বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। পাশাপাশি, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
বিজেপির রাজনীতিকে ‘কুরুচিকর’ আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী স্পষ্ট জানান, ধর্ম নিয়ে দাঙ্গা বা বাংলা ভাগের রাজনীতি সহ্য করা হবে না। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং ১০০ দিনের কাজের টাকা বন্ধের ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে মমতা ঘোষণা করেন, রাজ্যের ২৯৪টি আসনেই তিনি নিজে প্রার্থী, তাই প্রতিটি ভোট যেন ঘাসফুল চিহ্নেই পড়ে।