২০২৬ বিধানসভা নির্বাচনে শূন্য ঘোচাতে মরিয়া বামেরা, মিয়াক্ষী সৃজনদের কাঁধেই কি বড় দায়িত্ব

নিউজ ডেস্ক
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বাঁধছে আলিমুদ্দিন স্ট্রিট। গত কয়েকটি নির্বাচনে বিধানসভায় খাতা খুলতে না পারার যে ‘শূন্য’ কলঙ্ক রয়েছে, তা মুছে ফেলতে এবার এক ঝাঁক তরুণ তুর্কি এবং অভিজ্ঞ সৈনিকদের নিয়ে রণকৌশল সাজাচ্ছে সিপিআইএম। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় বড়সড় চমক দিতে চলেছে বাম নেতৃত্ব।
সবচেয়ে বড় চমক হিসেবে উঠে আসছে অভিনেতা বাদশা মৈত্রের নাম। টলিপাড়ার এই পরিচিত মুখকে এবার সিঙ্গুর থেকে নির্বাচনী লড়াইয়ে নামানোর প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দলের অভিজ্ঞ মুখ সুজন চক্রবর্তী ফিরতে পারেন তাঁর পুরনো গড় যাদবপুর কেন্দ্রে। একসময়ের শক্ত ঘাঁটি পুনরুদ্ধার করতে সুজন চক্রবর্তীর অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে দল।
তরুণ প্রজন্মের নেতৃত্বদের ওপর এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য তালিকায় যে নামগুলো সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে তা নিম্নরূপ:
- মীনাক্ষী মুখোপাধ্যায়: উত্তরপাড়া কেন্দ্র থেকে লড়তে পারেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক।
- সৃজন ভট্টাচার্য: বালিগঞ্জের বদলে এবার শতরূপ ঘোষের ছেড়ে দেওয়া কসবা কেন্দ্র থেকে লড়াই করতে পারেন তিনি।
- শতরূপ ঘোষ: কসবার বদলে শতরূপকে এবার উত্তর দমদমে প্রার্থী করার কথা ভাবছে দল।
- দীপ্সিতা ধর: ছাত্র আন্দোলনের পরিচিত মুখ দীপ্সিতাকে বালি কেন্দ্রে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
- ঐশী ঘোষ: জেএনইউ-এর প্রাক্তন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী আসানসোলের জামুরিয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
- কৌস্তভ চট্টোপাধ্যায়: বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হিসেবে উঠে আসছে তাঁর নাম।
- সায়রা শাহ হালিম: কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পার্টি সূত্রে খবর, এবার প্রায় ১৫০টির মতো আসনে লড়াই করার পরিকল্পনা রয়েছে বামেদের। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি এবং তারুণ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মহম্মদ সেলিম এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতারা কোন আসন থেকে লড়াই করবেন, তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। সব মিলিয়ে ২০২৬-এর মহাযুদ্ধে নতুন লড়াইয়ের গান গাইতে প্রস্তুত হচ্ছে লাল শিবির।