২০২৬ বিধানসভা নির্বাচনে ভোটের দিন মিলবে সবেতন ছুটি, ঘোষণা নির্বাচন কমিশনের

২০২৬ বিধানসভা নির্বাচনে ভোটের দিন মিলবে সবেতন ছুটি, ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এবার ভোটারদের জন্য বড় স্বস্তির খবর জানাল জাতীয় নির্বাচন কমিশন। আসন্ন দুই দফার নির্বাচনে ভোটদানের হার বাড়াতে এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ভোটের দিনগুলিতে সবেতন ছুটি বা ‘পেইড হলিডে’ ঘোষণা করা হয়েছে। শনিবার কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, যে কোনো কো ম্পা নি বা শিল্পসংস্থার কর্মী, যারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার, তারা ভোটের দিন এই সবেতন ছুটির সুবিধা পাবেন। এমনকি কোনো কর্মী যদি কর্মস্থলের বাইরে অন্য কোনো কেন্দ্রের ভোটার হন, তিনিও ভোট দেওয়ার জন্য বিশেষ ছুটি পাবেন।

নির্বাচন কমিশনের এই নির্দেশিকা শুধুমাত্র স্থায়ী কর্মীদের জন্যই নয়, বরং দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিক এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও প্রযোজ্য হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো নিয়োগকর্তাই ভোটের দিন কর্মীদের বেতন কাটতে পারবেন না। মূলত সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে কলকারখানা, অফিস বা ছোটোবড় যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ভোটাররা কর্মহানির দুশ্চিন্তা ছাড়াই বুথমুখী হতে পারবেন। কমিশনের এই সিদ্ধান্তে খুশি সাধারণ কর্মজীবী মানুষ।

উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মাত্র দুটি দফায় অনুষ্ঠিত হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ ও জঙ্গলমহলসহ রাজ্যের অধিকাংশ জেলাতে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ৪ মে এবং সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া ৬ মে-র মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভোটের প্রস্তুতি ও প্রচারের মধ্যেই কমিশনের এই ছুটির বিজ্ঞপ্তি রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *