২০২৬ বিধানসভা ভোটের প্রস্তুতিতে বড় চমক লালবাজারের! কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের দেওয়া হল গুরুত্বপূর্ণ দায়িত্ব

আগামী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে শুরু করল লালবাজার। নির্বাচনের আগে মহানগরের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ। বিশেষ করে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অব কন্ডাক্ট কার্যকর করতে অত্যন্ত তৎপর প্রশাসন।
কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে ইতিমধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ নোডাল অফিসারদের তালিকা প্রকাশ করা হয়েছে। লালবাজারের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ থেকে জারি করা এই নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন আধিকারিক ভোটের সময় কী কী গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন।
কার কাঁধে কী দায়িত্ব?
লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট, স্পেশাল) বিদিত রাজ ভুন্ডেশকে নির্বাচন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নোডাল অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনা— এই তিন বড় এলাকার মডেল কোড অব কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি বলবৎ করার বিষয়টি সরাসরি তদারকি করবেন।
নির্বাচন কমিশনারের নির্দেশ মেনে কলকাতা পুলিশ কমিশনারের অনুমোদনেই এই নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক মহলের ধারণা, ভোটের দিন ঘোষণার অনেক আগে থেকেই এই প্রস্তুতি আসলে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী কারচুপির আশঙ্কা কমানোর একটি কৌশল। বিশেষ করে তিন জেলার সমন্বয় এবং বিধি কার্যকর করার ক্ষেত্রে এই নোডাল অফিসারদের ভূমিকা হবে সবথেকে গুরুত্বপূর্ণ। ভোট যত এগিয়ে আসবে, লালবাজারের এই প্রশাসনিক তত্পরতা যে আরও বাড়বে, তার ইঙ্গিত এখন থেকেই মিলছে।