২০২৭-এর ডিজিটাল জনগণনায় ঐতিহাসিক বদল আনছে মোদী সরকার

নিউজ ডেস্ক: দেশের পারিবারিক কাঠামো ও সামাজিক বিবর্তনের কথা মাথায় রেখে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২০২৭ সালের ডিজিটাল জনগণনায় এবার থেকে লিভ-ইন সম্পর্কে থাকা নারী-পুরুষদেরও ‘বিবাহিত’ হিসেবে গণ্য করা হবে। আগে শুধুমাত্র আইনত বিবাহিতদেরই এই তালিকায় রাখা হতো, তবে নতুন নিয়মে দীর্ঘমেয়াদী লিভ-ইন সঙ্গীরা দম্পতির স্বীকৃতি পাবেন।
ডিজিটাল গণনার খুঁটিনাটি আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে চলা এই গণনায় নাগরিকরা নিজেরাই অনলাইন পোর্টালের মাধ্যমে তথ্য আপডেট করতে পারবেন। হাউস-লিস্টিং পর্যায়ে যে ৩৩টি প্রশ্ন করা হবে, সেখানে পরিবারের বিবাহিত সদস্য সংখ্যার কলামে লিভ-ইন সঙ্গীদের অন্তর্ভুক্ত করা যাবে। প্রথম ১৫ দিন ‘সেলফ এনুমেরেশন’ বা স্ব-গণনার জন্য রাখা হয়েছে।
তথ্য ও সুরক্ষা স্ব-গণনার ক্ষেত্রে কোনো নথিপত্র বা প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। নাগরিকরা যে তথ্য দেবেন, গণনাকারীরা সেটিই নথিভুক্ত করবেন। ১৫টি ভারতীয় ভাষায় এই তথ্য প্রদানের সুবিধা থাকছে। পেশ করা সমস্ত তথ্য সরকারি সার্ভারে এনক্রিপ্টেড অবস্থায় সুরক্ষিত থাকবে। দেশে ক্রমবর্ধমান লিভ-ইন সম্পর্কের কথা মাথায় রেখে সঠিক পরিসংখ্যান পেতেই এই বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে।