২০২৭ বিশ্বকাপ জয়ের ছক কষছেন গৌতম গম্ভীর রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাফল্যের পর এবার মিশন ২০২৭। দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য এখন থেকেই কোমর বেঁধে মাঠে নামছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার গতি ও বাউন্স ভরা পিচে লড়াই করার জন্য তরুণ তুর্কিদের ওপর ভরসা রেখেই এগোতে চাইছেন তিনি। বিসিসিআই ও নির্বাচকরাও গম্ভীরের এই সুদূরপ্রসারী পরিকল্পনায় পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
গৌতম গম্ভীরের মতে, ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি হয়ে যাবে ২০২৬ সালের আইপিএল চলাকালীনই। হাতে থাকা ২৫ থেকে ৩০টি একদিনের ম্যাচকে কাজে লাগিয়ে সেরা কম্বিনেশন খুঁজে বের করতে মরিয়া টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনের কথা মাথায় রেখে নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে এখনই চিহ্নিত করার কাজ শুরু করেছেন কোচ ও নির্বাচকরা।
তবে ক্রিকেট প্রেমীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। আসন্ন ২৫-৩০টি ম্যাচে এই দুই মহাতারকার পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে ২০২৭ বিশ্বকাপে তাঁদের জায়গা। ১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরবর্তী ইংল্যান্ড সফর থেকেই সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত দ্রুত পরিকল্পনা চূড়ান্ত হবে, দলের জন্য ততই মঙ্গল।