২০২৯ সালের আগেই বাড়তে পারে লোকসভার আসনসংখ্যা, ৮১৬ কোটিতে পৌঁছানোর লক্ষ্য কেন্দ্রের

আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদের নিম্নকক্ষের আসন সংখ্যা বর্তমানের ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, প্রতিটি রাজ্যে বর্তমান আসন সংখ্যা ৫০ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে উত্তরপ্রদেশের আসন বেড়ে ১২০ এবং পশ্চিমবঙ্গের আসন ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে। একইসাথে কার্যকর হবে মহিলা সংরক্ষণ আইন, যার ফলে ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
দীর্ঘ পাঁচ দশক পর আসন পুনর্বিন্যাসের এই উদ্যোগে জনসংখ্যার সামঞ্জস্য বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। ২০১১ সালের জনগণনার ভিত্তিতেই এই বিন্যাস সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আসন বাড়লে মহারাষ্ট্রের আসন ৭২ এবং তামিলনাড়ুর আসন ৫৯ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বিহার ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতেও উল্লেখযোগ্য হারে জনপ্রতিনিধির সংখ্যা বৃদ্ধি পাবে। কেন্দ্রশাসিত অঞ্চল ও ছোট রাজ্যগুলির ক্ষেত্রেও আসন সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা চলছে।
আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধী দলগুলি ভৌগোলিক ও রাজনৈতিক অধিকার খর্ব হওয়ার আশঙ্কা প্রকাশ করলেও কেন্দ্র নিরপেক্ষতার আশ্বাস দিয়েছে। আসন বণ্টনে কোনো রাজ্য যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে জনসংখ্যার আনুপাতিক হার বজায় রাখার কথা জানানো হয়েছে। এই বড় মাপের পরিবর্তনের জন্য সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধনী প্রয়োজন। তাই সকল রাজনৈতিক দলের আস্থা অর্জন করেই সরকার এই ঐতিহাসিক পদক্ষেপের দিকে এগোতে আগ্রহী।