২০২৯ সালের মধ্যে লোকসভা আসন বৃদ্ধি ও মহিলা সংরক্ষণে বড় পদক্ষেপ কেন্দ্রের

কেন্দ্রীয় সরকার ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই নারী শক্তি বন্দন আইন বাস্তবায়নে তৎপর হয়েছে। এই লক্ষ্যপূরণে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশোধনী বিল আনার প্রস্তুতি চলছে। নতুন সংসদ ভবন নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল আসন সংখ্যা বৃদ্ধি করা, যা এখন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল।
সূত্রের খবর, ২০১১ সালের জনগণনাকে ভিত্তি ধরে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করা হতে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বেড়ে ৮১৬ হতে পারে, যার মধ্যে প্রায় ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তবে এই পরিবর্তন কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, যার জন্য কেন্দ্র আইনি পদক্ষেপের পরিকল্পনা করছে।
এই ঐতিহাসিক পদক্ষেপ সফল করতে বিরোধী দলগুলোর সঙ্গেও রাজনৈতিক ঐকমত্য তৈরির চেষ্টা চালাচ্ছে সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিবসেনা (উদ্ধব শিবির) ও এনসিপি-র মতো দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সংসদীয় কাঠামো ও রাজনৈতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে।