২০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক, নির্দেশ অমান্য করলে ডিএলএড কলেজের অনুমোদন বাতিল

রাজ্যের বেসরকারি ডিএলএড কলেজগুলোতে শিক্ষক ও পড়ুয়াদের হাজিরায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২০ দিনের মধ্যে প্রতিটি কলেজে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, শুধু বায়োমেট্রিক মেশিন বসালেই চলবে না, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাপ্তাহিক হাজিরার তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপলোড করতে হবে। পর্ষদের মতে, শিক্ষক প্রশিক্ষণের মান বজায় রাখতে এই ব্যবস্থা অপরিহার্য। ইতিপূর্বে এনসিটিই-র নির্দেশিকা থাকা সত্ত্বেও অনেক কলেজ তা কার্যকর করেনি এবং পরীক্ষার সময় ভুয়া হাজিরার তথ্য জমা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে বিভিন্ন কারণে বেশ কিছু কলেজের অনুমোদন বাতিল করেছে। ফলে নতুন করে অনুমোদন হারানোর ঝুঁকি এড়াতে এবার কলেজগুলো দ্রুত বায়োমেট্রিক ব্যবস্থা চালু করতে বাধ্য হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই কড়াকড়ির ফলে ডিএলএড স্তরে পঠনপাঠনের মান ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।