২০ বছর ধরে হত্যার ছক কষেছিলেন খোদ ব্যবসায়ী! জম্মুর বিয়েবাড়িতে ফারুক আবদুল্লাহর ওপর হামলার নেপথ্যে কে এই কমল সিং

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন এনএসজি (NSG) নিরাপত্তা বলয় ভেদ করে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনায় অভিযুক্ত কমল সিং জামওয়ালকে আটক করেছে পুলিশ।
পুলিশি জেরায় ধৃত কমল সিং কোনো অনুতাপ ছাড়াই জানিয়েছে, গত ২০ বছর ধরে ফারুক আবদুল্লাহকে হত্যা করা তার ব্যক্তিগত লক্ষ্য ছিল। জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা ৬৩ বছর বয়সি এই ব্যক্তির ওল্ড সিটি এলাকায় বেশ কিছু দোকান রয়েছে এবং সেই ভাড়ার টাকাতেই সে জীবিকা নির্বাহ করে। বুধবার রাতে ন্যাশনাল কনফারেন্সের লিগ্যাল সেলের সভাপতির মেয়ের বিয়েতে আমন্ত্রিত ছিলেন ফারুক আবদুল্লাহ এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অনুষ্ঠান শেষে ফেরার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে রিভলবার তাক করে কমল। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে সরিয়ে দেওয়ায় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাথার ওপর দিয়ে চলে যায়।
এই নজিরবিহীন নিরাপত্তা বিচ্যুতি নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, “সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বাবা বেঁচে গিয়েছেন। তবে জেড প্লাস এবং এনএসজি নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও একজন বন্দুকধারী কীভাবে এত কাছে পৌঁছে গেল, তা নিয়ে গভীর তদন্ত প্রয়োজন।” বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হামলার ব্যবহৃত পিস্তলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।