২১৪ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়েই আজ লোকসভায় পাশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট

সংসদে আজ ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পাশ হতে চলেছে। গত ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা এই বাজেটে আগামী ১ এপ্রিল থেকে প্রায় সাড়ে ৫৩ লক্ষ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গসহ চার রাজ্য ও পুদুচেরির নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ৩৮২.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিছু সংশোধনীসহ ‘দ্য ফিনান্স বিল ২০২৬’ আজ সংসদের সিলমোহর পেতে যাচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মার্চ নাগাদ দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ২১৪.৮২ লক্ষ কোটি টাকা। বিপরীতে সরকারের আনুমানিক রাজস্ব আয় ধরা হয়েছে মাত্র ৩৬.৫১ লক্ষ কোটি টাকা। ইরান-ইসরায়েল যুদ্ধ এবং ডলারের তুলনায় টাকার দাম কমতে থাকায় এই ঋণের বোঝা সামাল দেওয়া ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। বাজেট বহির্ভূত অতিরিক্ত খরচের প্রবণতা সরকারের আর্থিক শৃঙ্খলার ওপর চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের অর্থনীতিকে তৃতীয় বৃহত্তম করার লক্ষ্য নিয়ে প্রচার চললেও ক্রমবর্ধমান ঋণের অঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। চলতি অর্থবর্ষের শেষ ২০ দিনেই সরকার প্রায় ২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত খরচের অনুমোদন নিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ঘাটতি মেটাতে ও ঋণের কিস্তি শোধ করতে আগামী দিনে সাধারণ মানুষের ওপর করের বোঝা বা পরোক্ষ আর্থিক চাপ আরও বাড়তে পারে।