২১-এর ভোট হিংসায় অভিযুক্ত ‘দাগী’ পুলিশ কর্তাদের তালিকা চাইল কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচন হিংসামুক্ত করতে তৎপর নির্বাচন কমিশন। মঙ্গলবার মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার সময় দায়িত্বপ্রাপ্ত ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকা তলব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত হয়েছে কি না, তাও জানতে চেয়েছে কমিশনের ফুলবেঞ্চ।
গত রবিবার রাজ্যে আসার পর থেকে জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কমিশনার। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তিনি স্পষ্ট জানান, কোনো প্রকার উসকানি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারদের কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, চব্বিশের লোকসভা নির্বাচনের মতো ছাব্বিশের ভোটও রক্তপাতহীন রাখা তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক প্রভাবে কাজ করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্পর্শকাতর জেলাগুলোতে বিশেষ নজরদারি ও স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছে কমিশন।