২২ বছর পর বিচার: ক্রিকেট আম্পায়ার হত্যায় ৭ জনের কারাদণ্ড

২২ বছর পর বিচার: ক্রিকেট আম্পায়ার হত্যায় ৭ জনের কারাদণ্ড

ক্রিকেট খেলার মাঠে ভুল সিদ্ধান্তের জেরে আম্পায়ারকে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ২২ বছর পর রায় দিল চুঁচুড়া জেলা আদালত। ঘটনাটি ২০০৪ সালের মে মাসে হুগলির বলাগড় থানার নিত্যানন্দপুরের। ক্রিকেট ম্যাচ চলাকালীন আম্পায়ার দিবাকর মণ্ডলের একটি সিদ্ধান্ত নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে ২৯ মে লোহার রড ও বাঁশ দিয়ে তাঁকে নির্মমভাবে প্রহার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এই হত্যা মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের বিচারক দেবাশিষ সাঁতরা সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার আদালত সাজা ঘোষণা করে।

দোষী সাব্যস্ত সাতজনের মধ্যে ছয়জনকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। অপর একজনকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ে নিহতের পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচারের আশা দেখছেন। সরকারি আইনজীবীরা জানিয়েছেন, সাক্ষ্যগ্রহণের দীর্ঘসূত্রতার কারণেই মামলাটি নিষ্পত্তিতে সময় লেগেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *