২৩টি দফতরের পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বড় সিদ্ধান্তে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, স্বাস্থ্য, শিল্প এবং তথ্য-সংস্কৃতি সহ মোট ২৩টি সরকারি দফতর ও কমিটির শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সোমবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে।
২৫শে মার্চ বিকেল ৪টের মধ্যে প্রতিটি দফতরকে এই ইস্তফা গ্রহণ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নবান্নের আধিকারিকদের দাবি, ভোটের আগে এটি একটি সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া, তবুও একসাথে এতগুলি বোর্ড ও সংস্থার দায়িত্ব ছাড়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বন দপ্তর থেকে শুরু করে ভূমি ও ভূমি সংস্কার এবং বিপর্যয় মোকাবিলা কমিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগ থেকেও এখন মুক্ত মুখ্যমন্ত্রী।