২৪ ঘণ্টা এসিতে থাকার মারাত্মক বিপদ সম্পর্কে বিশেষজ্ঞদের চাঞ্চল্যকর তথ্য

গরমের দাবদাহ থেকে বাঁচতে বর্তমানে বাড়ি, অফিস কিংবা যাতায়াতের পথে এয়ার কন্ডিশনার বা এসি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে আরামদায়ক এই যন্ত্রের অতিরিক্ত ব্যবহার যে স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে, তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চিকিৎসকদের বক্তব্যে উঠে এসেছে এসি-তে দীর্ঘক্ষণ থাকার ফলে শরীরে মেদ বৃদ্ধি সহ একাধিক জটিলতার তথ্য।
দিল্লির সফদরজং হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ জুগল কিশোর জানান, দীর্ঘ সময় এসির ঠান্ডা পরিবেশে থাকলে শরীরের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম ধীর হয়ে যায়। স্বাভাবিক পরিবেশে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যে পরিমাণ ক্যালোরি খরচ হয়, কৃত্রিম ঠান্ডা পরিবেশে তার প্রয়োজন পড়ে না। ফলে শারীরিক পরিশ্রম কম হলে শরীরে দ্রুত চর্বি জমতে শুরু করে, যা স্থূলতার অন্যতম কারণ।
বিশেষজ্ঞদের মতে, এসিতে থাকার ফলে সরাসরি ওজন না বাড়লেও এটি শরীরের ক্যালোরি পোড়ানোর ক্ষমতা কমিয়ে দেয়। এর পাশাপাশি দীর্ঘক্ষণ বসে কাজ করার অভ্যাস ওজন বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাই এসির ঠান্ডা হাওয়া কেবল আরাম নয়, বরং অলস জীবনযাত্রার সঙ্গী হয়ে শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করছে বলে অভিমত চিকিৎসকদের।
অতিরিক্ত এসি ব্যবহারের ফলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও হ্রাস পায়। নিয়মিত এসিতে থাকলে ঋতু পরিবর্তনের সময় শরীর দ্রুত অসুস্থ হয়ে পড়ে। এছাড়া কৃত্রিম ঠান্ডায় দীর্ঘক্ষণ অবস্থানের ফলে শ্বাসকষ্ট, ক্লান্তি এবং মাংসপেশিতে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
সুস্থ থাকতে এসি ব্যবহারের ক্ষেত্রে কিছু জরুরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সারাদিন এসিতে না থেকে মাঝে মাঝে স্বাভাবিক আবহাওয়ায় সময় কাটানো এবং পর্যাপ্ত জল পান করা অত্যন্ত প্রয়োজন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং শরীরের জড়তা কাটাতে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করা জরুরি।
সর্বোপরি, এসির তাপমাত্রা খুব বেশি কমিয়ে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে এসির ওপর অতি-নির্ভরশীলতা কমিয়ে প্রাকৃতিক বাতাসের সংস্পর্শে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।