২৬-এর প্রার্থী তালিকায় ব্রাত্য পার্থ-শোভন, জোড়াফুল শিবিরে বড় রদবদল

মঙ্গলবার ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। তবে সকলকে চমকে দিয়ে এই তালিকায় ঠাঁই পাননি জেল ফেরত পার্থ চট্টোপাধ্যায় এবং সদ্য দলে ফেরা শোভন চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে বেহালা পশ্চিমে জনসংযোগ শুরু করেছিলেন পার্থ। কিন্তু দল তাঁর পরিবর্তে রত্না চট্টোপাধ্যায়ের ওপরই আস্থা রেখেছে।
অন্যদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলে কামব্যাক করার পর বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়ের লড়াইয়ের জল্পনা তুঙ্গে ছিল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত টিকিট পাননি তিনি। দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সংগঠন মজবুত করার নির্দেশ দিলেও নির্বাচনী ময়দানে ব্রাত্যই থাকতে হলো ‘কানন’কে।
রাজনৈতিক মহলের মতে, দুর্নীতির ছায়া সরাতে এবং নারী শক্তিকে অগ্রাধিকার দিতেই পার্থর মতো হেভিওয়েটদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ৫২ জন মহিলা প্রার্থীকে সামনে রেখে এবারের নির্বাচনে বাম-বিজেপিকে টেক্কা দিতে চাইছে ঘাসফুল শিবির। টিকিট না পেয়ে পার্থ চট্টোপাধ্যায় নির্দল হিসেবে লড়বেন কি না, এখন তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।