২৬ বছর পর কি বিধানসভায় ফিরছেন অধীর? মুর্শিদাবাদ ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

দীর্ঘ আড়াই দশক দিল্লির সংসদীয় রাজনীতিতে দাপট দেখানোর পর এবার ফের পশ্চিমবঙ্গের বিধানসভায় ফিরতে পারেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে পরাজয় এবং সাংগঠনিক দায়িত্ব হস্তান্তরের পর, এআইসিসি তাঁকে তাঁর দীর্ঘদিনের গড় বহরমপুর থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা করছে। মূলত অধীরের অভিজ্ঞতা ও জনসংযোগকে হাতিয়ার করেই বাংলায় দলের শক্তি বৃদ্ধি করতে চাইছে কংগ্রেস হাইকমান্ড।
রাজনৈতিক জীবনের শুরুতে ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অধীর চৌধুরী। ১৯৯৯ সালে বিধানসভা ছেড়ে তিনি দিল্লির সংসদে পাড়ি জমান এবং টানা ২৫ বছর বহরমপুরের সাংসদ হিসেবে নিজের আধিপত্য বজায় রাখেন। দীর্ঘ ২৬ বছর পর ফের ঘরের ছেলের রাজ্য রাজনীতিতে প্রত্যাবর্তনের এই সম্ভাবনাকে ঘিরে বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
বহরমপুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র রয়েছেন, যাঁকে ফের প্রার্থী করেছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূলের তরফে ময়দানে নামছেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। একসময়ের দুর্ভেদ্য গড়ে গত কয়েকটি নির্বাচনে সমীকরণ কিছুটা বদলালেও, অভিজ্ঞ এই নেতাকে রাজ্যজুড়ে প্রচারের প্রধান মুখ হিসেবে ব্যবহার করার কথা ভাবছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সিইসি-র বৈঠকের পরেই।