২৮০০ ফুট উচ্চতায় গাড়ির স্বপ্নপূরণ: কাঁধে করে যন্ত্রাংশ নিয়ে পাহাড়ে গাড়ি তুললেন গ্রামবাসীরা

আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের চুনাভাটি গ্রামে এক অনন্য নজির গড়েছেন স্থানীয়রা। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮০০ ফুট উঁচুতে অবস্থিত এই দুর্গম গ্রামে রাস্তা না থাকলেও, ৩০টি পরিবার সম্মিলিত উদ্যোগে একটি চারচাকার গাড়ি কিনেছেন। ৯০ হাজার টাকায় কেনা এই গাড়িটি ছিল গ্রামবাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন।
দুর্গম পাহাড়ি পথে গাড়ি চালানো আসাম্ভব হওয়ায় বাসিন্দারা গাড়িটির যন্ত্রাংশ আলাদা করে কাঁধে বয়ে পাহাড়ের চুড়ায় নিয়ে যান। এরপর নিজেদের শ্রমে আড়াই কিলোমিটার পথ তৈরি করে গাড়িটি পুনরায় সংযোজন করেন। এর ফলে পাহাড়ে প্রথমবারের মতো যান্ত্রিক বাহনের চাকা গড়িয়েছে।
এই সাফল্যে আনন্দে মেতে উঠেছেন ডুকপা সম্প্রদায়ের মানুষ। নিচ থেকে জ্বালানি বহন করে ওই নির্দিষ্ট পথে গাড়িটি চালানো হচ্ছে। প্রতিকূলতাকে জয় করে বাসিন্দাদের এই অদম্য জেদ ও একতা স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।