২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ১৯তম আইপিএল, চূড়ান্ত সূচি নিয়ে ধোঁয়াশা

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ১৯তম আইপিএল, চূড়ান্ত সূচি নিয়ে ধোঁয়াশা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আবহেই ঘোষিত হলো ১৯তম আইপিএলের দিনক্ষণ। সম্প্রচারকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ভারতের এই কোটি টাকার লিগ শুরু হতে চলেছে, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। পূর্বনির্ধারিত ২৬ মার্চের বদলে টুর্নামেন্টটি কিছুটা পিছিয়ে শুরু হচ্ছে। তবে বিসিসিআই এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করায় উদ্বোধনী ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এবারের আসরে আরসিবি তাদের সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটি খেলবে নিজেদের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং বাকি দুটি ছত্তিশগড়ের বীর বাহাদুর সিং স্টেডিয়ামে। উল্লেখ্য, চিন্নাস্বামী স্টেডিয়াম এবার আইপিএলের ফাইনাল ও একটি প্লে-অফ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। গত বছরের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কাটিয়ে আবারও জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীরা। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূচি নির্ধারণে বিসিসিআইয়ের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুসহ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় ২০১৯ সালের মতো এবারও দুই দফায় সূচি প্রকাশের পরিকল্পনা করছে বোর্ড। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মতো হাই-প্রোফাইল দলের ম্যাচগুলো নির্বাচনী নির্ঘণ্টের সাথে সামঞ্জস্য রেখে আয়োজন করার কথা ভাবা হচ্ছে। আপাতত ক্রিকেটমহল বোর্ডের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ তালিকার অপেক্ষায় প্রহর গুনছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *