২৯ লাখ নামের ভাগ্য নির্ধারণ আজই! তালিকা প্রকাশের মাহেন্দ্রক্ষণ জানালেন মনোজ আগরওয়াল

অতিরিক্ত নামের তালিকা নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। সোমবার রাত ৯টার পর প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত এই প্রথম তালিকা। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৯ লাখ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে এই বিপুল সংখ্যক নামের মধ্যে ঠিক কতজন বাদ পড়লেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। আধিকারিকের দাবি, সার্ভার দিল্লিতে থাকায় বাদের সঠিক সংখ্যা এই মুহূর্তে তাঁর জানা নেই।
বর্তমানে ৭০৫ জন বিচারক এই নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছেন। কমিশন সূত্রে খবর, তালিকায় যে নামগুলো ‘ই-সাইন’ হয়ে আসবে, সেগুলিই আজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ইতিমত্যেই কাজ শেষ হয়েছে। যাদের নাম বাদ যাবে, তাদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকছে। পুরো প্রক্রিয়াটি সরাসরি তদারকি করছেন রাজ্যের মুখ্যসচিব। রাত ৯টার পর কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে।