২ ঘণ্টার রাস্তা হবে মাত্র ৪০ মিনিটে! দোলের আগেই রাজ্যবাসীর জন্য বাম্পার উপহার দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক
দোলের আগেই রাজ্যবাসীর জন্য বড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার। আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে বহুল প্রতীক্ষিত আধুনিক কল্যাণী এক্সপ্রেসওয়ে। প্রশাসনিক সূত্রে খবর, ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোলযাত্রা ও হোলি মিলন উৎসবের মঞ্চ থেকেই ভার্চুয়ালি এই অত্যাধুনিক সুপার হাইওয়ের সূচনা করবেন।
কী থাকছে এই নতুন এক্সপ্রেসওয়েতে?
প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৪০ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে জংশন থেকে কাঁচরাপাড়ার কাঁপা মোড় হয়ে বড় জাগুলিয়া পর্যন্ত বিস্তৃত এই পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। আগে যেখানে প্রায় দু’ঘণ্টা সময় লাগত, এখন সেখানে যাতায়াত হবে একদম সিগন্যালবিহীন। বিশেষ করে কল্যাণী এইমস-এ পৌঁছনো এখন সাধারণ মানুষের জন্য অনেক সহজ ও দ্রুত হবে।
প্রকল্পের বিশেষত্ব একনজরে
৪ থেকে ৬ লেনের এই এক্সপ্রেসওয়েতে কোথাও ট্রাফিক সিগন্যালের ঝঞ্ঝাট নেই। যান চলাচল নির্বিঘ্ন রাখতে তৈরি করা হয়েছে একাধিক পরিকাঠামো। এই প্রকল্পে রয়েছে
- ২১টি আধুনিক ফ্লাইওভার এবং ৭টি বড় আন্ডারপাস।
- হালকা যানবাহন ও পথচারীদের জন্য পৃথক ১২টি আন্ডারপাস।
- ৭০টি কালভার্ট এবং ৫৬টি যাত্রী প্রতীক্ষালয়।
- ৫টি শৌচালয় ও ১টি ট্রাক লে-বাই।
উন্নত যোগাযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধি
West Bengal Highway Development Corporation Limited (WBHDCL)-এর তত্ত্বাবধানে তৈরি এই এক্সপ্রেসওয়েটি নিমতা এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে এবং বড় জাগুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে। এর ফলে দক্ষিণেশ্বর বা বিমানবন্দর থেকে আসা যাত্রীরা অনায়াসেই নদিয়া বা উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবেন।
পরিবহণ বিশেষজ্ঞদের মতে, এই রুটটি চালু হলে বারাসাত সংলগ্ন এলাকার তীব্র যানজট থেকে মুক্তি মিলবে। নদিয়া, বর্ধমান ও হুগলি জেলার বাসিন্দারা অনেক দ্রুত কলকাতা বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। দ্রুতগতির এই করিডর শুধুমাত্র যাতায়াত সহজ করবে না, বরং শিল্প বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও রাজ্যের অর্থনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।