৩৬ বছর ঝাল ছাড়াই আহার! শান্তিপুরের জনসভা থেকে খাদ্যাভ্যাস নিয়ে মুখ খুললেন মমতা

৩৬ বছর ঝাল ছাড়াই আহার! শান্তিপুরের জনসভা থেকে খাদ্যাভ্যাস নিয়ে মুখ খুললেন মমতা

পূর্ব বর্ধমান ও নদিয়ায় নির্বাচনী প্রচারের ব্যস্ত সূচির মাঝে শান্তিপুরের জনসভা থেকে নিজের খাদ্যাভ্যাস ও অতীতের স্মৃতি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ১৯৯০ সালে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকে গত ৩৬ বছর ধরে তিনি কোনো ঝাল খাবার খেতে পারেন না। রান্নায় সামান্য ঝাল থাকলেও অসুস্থ বোধ করেন তিনি। টানা ১৫ দিন প্রচারের কারণে বর্তমানে হোটেলে থাকলেও বাইরের খাবার এড়িয়ে চিঁড়ে, মুড়ি বা সেদ্ধ ডিম খেয়েই দিন কাটাচ্ছেন তৃণমূল নেত্রী।

শান্তিপুরের তাত শিল্প ও শাড়ির ভূয়সী প্রশংসা করে মমতা জানান, এদিন তাঁর পরনের শাড়িটি ওই এলাকার এবং তিনি নিজের ডিজাইন করা শাড়ি পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভাষণে তিনি বাম আমলের ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করেন। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং উচ্ছেদ আতঙ্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই বিরোধীদের যোগ্য জবাব দেওয়া হবে। কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেবেন না বলেও আশ্বাস দেন তিনি।

রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চিরকাল সচল থাকবে বলে নারীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে তিনি অভিযোগ করেন, তারা বুলডোজারের রাজনীতি করছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সাফল্যে জোর দিয়ে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে কোনো চরম পথ বেছে না নেওয়ার অনুরোধ জানান। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, ইডি বা সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না এবং আগামী দিনে রাজ্যে আরও স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *