৩৯ বছর পর স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, উত্তপ্ত হতে পারে লোকসভা

৩৯ বছর পর স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, উত্তপ্ত হতে পারে লোকসভা

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ সোমবার সংসদে বিতর্ক হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ৩৯ বছর পর ভারতের সংসদীয় ইতিহাসে কোনো স্পিকারের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে এই বিতর্কে অংশ নেবেন বিরোধীরা। স্পিকারের বিরুদ্ধে সভা পরিচালনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হতে পারেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা।

নিয়ম অনুযায়ী, অনাস্থা প্রস্তাব চলাকালীন ওম বিড়লা অধিবেশন কক্ষে উপস্থিত থাকবেন না। কংগ্রেসের নেতৃত্বাধীন এই প্রস্তাবে তৃণমূল কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের শরিক দলগুলো সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সংখ্যার লড়াইয়ে প্রস্তাবটি পাশ হওয়া নিয়ে সংশয় রয়েছে। বিরোধীদের মূল লক্ষ্য হলো স্পিকারের বিরুদ্ধে তাঁদের অভিযোগগুলো সংসদীয় নথিতে নথিভুক্ত করা। পাশাপাশি আরব দুনিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দেওয়ারও কথা রয়েছে এই অধিবেশনে।

সংসদীয় ইতিহাসে এর আগে ১৯৫৪, ১৯৬৬ এবং ১৯৮৭ সালে তৎকালীন স্পিকারদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। তবে প্রতিবারই শাসক জোটের সংখ্যাগরিষ্ঠতার কাছে বিরোধীদের সেই প্রস্তাব পরাজিত হয়। বিশেষ করে ১৯৮৭ সালে তৎকালীন স্পিকার বলরাম ঝাকরের বিরুদ্ধে সোমনাথ চট্টোপাধ্যায় অনাস্থা প্রস্তাব আনলেও তা খারিজ হয়ে গিয়েছিল। অতীতে কোনোবারই এই প্রস্তাব গৃহীত না হলেও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ওম বিড়লার বিরুদ্ধে এই বিতর্ক সংসদীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *