৩ কোটির ডিজিটাল অ্যারেস্ট কাণ্ড ভিন রাজ্যে ৫০০ মিউল অ্যাকাউন্টের হদিশ

কলকাতার অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল লালবাজারের সাইবার ক্রাইম শাখা। তদন্তে নেমে মুম্বই, রাজস্থান ও ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা ৫০০টিরও বেশি ‘মিউল’ বা ভাড়া নেওয়া ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। ধৃত মহম্মদ আমজাদ ও অর্পণ সিকদারের ডেরা থেকে ২,১২০টি সিম কার্ড এবং ১২টি সিম বক্স উদ্ধার করেছেন গোয়েন্দারা। এই চক্রটি মূলত কমিশনের বিনিময়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার টাকা লেনদেন করত।
তদন্তকারীরা জানিয়েছেন, মহারাষ্ট্রের ধারাভি এলাকাতেই প্রায় ৪০ শতাংশ মিউল অ্যাকাউন্টের অবস্থান চিহ্নিত করা গেছে। উদ্ধার হওয়া হার্ড ড্রাইভ বিশ্লেষণ করে রাজস্থানে দেড়শোর বেশি এবং ওড়িশা ও ঝাড়খণ্ডে অসংখ্য সন্দেহজনক অ্যাকাউন্টের তথ্য মিলেছে। তবে প্রতারিত বিপুল অর্থের মধ্যে মাত্র ৫ লক্ষ টাকা ব্লক করা সম্ভব হয়েছে, বাকি টাকা ইতিমধ্যেই সরিয়ে ফেলেছে অভিযুক্তরা। বর্তমানে ওই অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলি ব্লক করার জন্য টেলিকমিউনিকেশন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের শিকড় লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে। ধৃতরা সিমবক্স ব্যবহারের মাধ্যমে বিদেশি কলের লোকেশন গোপন রেখে দেশীয় নেটওয়ার্ক ব্যবহার করত এবং এর বিনিময়ে মোটা টাকা কমিশন পেত। সাইবার ফরেনসিক শাখা দেড় হাজারের বেশি এমন বিদেশি কলের প্রমাণ পেয়েছে। আন্তঃরাজ্য এই বিশাল জালিয়াতি চক্রের বাকি সদস্যদের ধরতে এবং পাচার হওয়া অর্থের উৎস সন্ধানে লালবাজারের গোয়েন্দারা ভিন রাজ্যের পুলিশের সহায়তায় তল্লাশি অভিযান জারি রেখেছেন।