৩ বুথে ৬৭৯ জনের নাম বাদ ঘিরে উত্তেজনা, ধান্যকুড়িয়ায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ

৩ বুথে ৬৭৯ জনের নাম বাদ ঘিরে উত্তেজনা, ধান্যকুড়িয়ায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়া এলাকায় এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল স্থানীয় এলাকা। অভিযোগ উঠেছে, এলাকার ৩১, ৩৩ ও ৩৪ নম্বর বুথ মিলিয়ে মোট ৬৭৯ জন বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর এই বিপুল সংখ্যক নাম গায়েব হওয়ার বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে ধান্যকুড়িয়ার ব্যস্ত টাকি রোড অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চললে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

রাজ্যে ভোটের মাত্র ১৬ দিন বাকি থাকলেও এসআইআর প্রক্রিয়া নিয়ে জটিলতা অব্যাহত। এর আগে ফারাক্কার কংগ্রেস প্রার্থীর নাম বাতিলের সিদ্ধান্ত ট্রাইব্যুনাল বাতিল করে দিলেও বহু সাধারণ মানুষের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সুপ্রিম কোর্ট কালকের মধ্যে ৬০ লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তির নির্দেশ দিলেও বাস্তব চিত্রে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে। অনেক ক্ষেত্রে শারীরিক অসুস্থতা ও বার্ধক্য উপেক্ষা করে শুনানিতে যাবতীয় নথি জমা দিলেও তালিকায় নাম না আসায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা।

ইতিমধ্যেই এসআইআর-এর ১০টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেও বহু মানুষ ভোটাধিকার হারানোয় রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি মালদার মোথাবাড়িতে ভোটারদের ক্ষোভের মুখে জুডিশিয়াল অফিসারদের বন্দি হওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে, যার তদন্তভার বর্তমানে এনআইএ-র হাতে। ধান্যকুড়িয়ার এই বিক্ষোভ সেই ক্রমবর্ধমান জনরোষেরই অংশ বলে মনে করা হচ্ছে। আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পশ্চিমবঙ্গ সংক্রান্ত এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে, যার দিকে তাকিয়ে আছে কয়েক লক্ষ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *