৫০০ ফুট উঁচুতে ইন্ডিগোর বিমানে ‘ভুতুড়ে’ কাণ্ড, মাঝআকাশে দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর

বারাণসীগামী ইন্ডিগো বিমানে হাড়হিম করা পরিস্থিতি তৈরি করলেন এক যাত্রী। মাটি থেকে মাত্র ৫০০ ফুট উঁচুতে থাকাকালীন আচমকা বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা করেন মহম্মদ আদনান নামে এক ব্যক্তি। তাঁর এই খামখেয়ালি আচরণে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিমানে থাকা সমস্ত যাত্রী ও কর্মীরা।
ঘটনাটি ঘটে বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ৬ই-১৮৫ বিমানে। রাত সোয়া ৮টায় বিমান ছাড়ার ১৫ মিনিটের মাথায় প্রথমবার দরজা খোলার চেষ্টা করেন উত্তরপ্রদেশের বাসিন্দা আদনান। সেবার বিমানকর্মীদের তৎপরতায় রক্ষা মিললেও অবতরণের ঠিক ১৫ মিনিট আগে ফের একই কাণ্ড ঘটান তিনি। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি অবতরণ পিছিয়ে দিয়ে মাঝআকাশে কয়েক চক্কর ঘোরেন চালক। শেষ পর্যন্ত রাত ১০টা ৩৫ মিনিটে নিরাপদে নামে বিমানটি।
আটক হওয়ার পর পুলিশের কাছে অদ্ভুত সাফাই দিয়েছেন ওই যাত্রী। তাঁর দাবি, সেই সময় নাকি তাঁকে ‘ভূতে ধরেছিল’ এবং তিনি বুঝতে পারেননি সেটি বিপদের দরজা। যদিও পরে বয়ান বদলে জানান, ছুটির আমেজেই এমনটা করে ফেলেছেন। বর্তমানে সিআইএসএফ এবং পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। অভিযুক্তের পরিবারকেও তলব করা হয়েছে।