৫১ বছরের ব্যবধানে অটুট প্রেম, ৭৭ বছরের বৃদ্ধের প্রেমে মগ্ন ২৬-এর তরুণী

আমেরিকার স্যান ডিয়েগো নিবাসী ডায়ানা মোন্টানো ও এডগারের আসাম বয়সের প্রেম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। বর্তমানে ২৬ বছর বয়সী ডায়ানার সঙ্গে ৭৭ বছর বয়সী এডগারের পরিচয় হয় ২০২৩ সালে। সম্প্রতি ডায়ানার জন্মদিনের একটি ভিডিও টিকটকে প্রকাশের পর তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এই সম্পর্কের বিশাল বয়সের ব্যবধান নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কেউ ডায়ানাকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করেছেন, আবার কেউ এই সম্পর্ককে অস্বাভাবিক বলে অভিহিত করেছেন। তবে সমালোচকদের পাত্তা না দিয়ে ডায়ানা জানিয়েছেন, এডগারের পরিণত মানসিকতা ও বুদ্ধিমত্তাই তাঁকে আকর্ষণ করেছে। তাঁর দাবি, সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সঠিক বোঝাপড়া।
প্রাথমিকভাবে ডায়ানার পরিবার এই সম্পর্ক মেনে না নিলেও পরবর্তীতে এডগারের সঙ্গে পরিচয়ের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। বর্তমানে এই দম্পতি তাঁদের বিশেষ মুহূর্তগুলো নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ২০২৫ সালে তাঁদের বাগদানের গুঞ্জন শোনা গেলেও বিয়ের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। বিতর্ক সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অটল থেকে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন এই যুগল।