৫৪ বছর পর চাঁদে পাড়ি: চার মহাকাশচারীকে নিয়ে সফল উৎক্ষেপণ নাসার আর্টেমিস-২-এর

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বৃহস্পতিবার ভোর ৩টে ৩৫ মিনিটে বিশালাকার এসএলএস রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা দিলেন চার মহাকাশচারী। নাসা ও কানাডীয় মহাকাশ গবেষণা সংস্থার এই যৌথ অভিযানে রয়েছেন রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন। ১৯৭২ সালের অ্যাপোলো অভিযানের পর এটিই প্রথম চন্দ্রমুখী মানব অভিযান।
পরিকল্পনা অনুযায়ী, ওরিয়ন মহাকাশযানটি প্রথম দিন পৃথিবীর উচ্চ কক্ষপথে অবস্থান করবে। এরপর ছয় দিনের দীর্ঘ পথ অতিক্রম করে মহাকাশচারীরা চাঁদের কক্ষপথে পৌঁছাবেন। যদিও তাঁরা সরাসরি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবেন না, তবে ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদকে প্রদক্ষিণ করবেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য ও ছবি সংগ্রহ করবেন। এবারই প্রথম মহাকাশচারীদের ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এই অভিযানের সফল সমাপ্তি ঘটবে আগামী ১০ এপ্রিল প্রশান্ত মহাসাগরের বুকে ওরিয়ন ক্যাপসুলের অবতরণের মাধ্যমে। নাসার প্রশাসকদের মতে, এই মিশনটি ভবিষ্যতে পুনরায় চাঁদের মাটিতে মানুষের স্থায়ী উপস্থিতির পথ প্রশস্ত করবে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হয়ে আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা হলো। ওরিয়নের এই যাত্রা মহাকাশ গবেষণায় নজিরবিহীন সাফল্য বয়ে আনবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।