৫ মার্চ কি মনোনয়ন জমা? রাজ্যসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থীদের নাম নিয়ে বাড়ছে কৌতুহল

৫ মার্চ কি মনোনয়ন জমা? রাজ্যসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থীদের নাম নিয়ে বাড়ছে কৌতুহল

আসন্ন রাজ্যসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। দলের চার প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করার জন্য আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং সোমবার দলীয় বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচেতক নির্মল ঘোষ। রাজনৈতিক মহলের ধারণা, সব ঠিক থাকলে আগামী ৫ মার্চ মনোনয়নপত্র জমা দিতে পারেন জোড়াফুলের প্রার্থীরা।

প্রস্তুতিতে কেন এত তৎপরতা?

বিধানসভার নিয়ম অনুযায়ী, রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে অন্তত একজন বিধায়ক প্রস্তাবক থাকেন এবং তাঁকে সমর্থন জানিয়ে আরও দশজন বিধায়কের স্বাক্ষর প্রয়োজন হয়। কোনও যান্ত্রিক ত্রুটির কারণে যাতে মনোনয়নপত্র বাতিল না হয়, তার জন্য প্রার্থীরা সাধারণত একাধিক সেট জমা দেন। সেই কারণেই আগেভাগে বিধায়কদের সই করিয়ে রাখার এই তৎপরতা।

বিজেপির চালে নজর তৃণমূলের

বর্তমানে বিধানসভার পাটিগণিত বলছে, পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল এবং একটি বিজেপির ঝুলিতে যাওয়া নিশ্চিত। তবে বিজেপি যদি রাজনৈতিক কৌশলে দ্বিতীয় প্রার্থী দেয়, সেক্ষেত্রে ১৬ মার্চ ভোটাভুটি অনিবার্য। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই কোনও ফাঁক রাখতে চাইছে না শাসক দল। সুব্রত বক্সী, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও বিকাশ ভট্টাচার্যের মেয়াদ শেষ হওয়া এবং মৌসম বেনজির নুরের ইস্তফার ফলে এই পাঁচটি আসন শূন্য হয়েছে।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ মার্চ মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে এবং ৯ মার্চ নাম প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার, তৃণমূল তাদের প্রার্থী তালিকায় পুরনোদেরই ভরসা রাখে নাকি নতুন কোনও চমক দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *