৬ বছর পর খুলছে ভারত-চীন বাণিজ্য পথ, ড্রোগন মুলুকে ব্যবসার সুবর্ণ সুযোগ

করোনা ও সীমান্ত উত্তেজনার জেরে দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে ভারত-চীন সীমান্তের কৌশলগত গুরুত্বপূর্ণ লিপুলেখ পাস। আগামী জুন মাস থেকেই এই প্রাচীন বাণিজ্য পথ দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পিথোরাগড়ের জেলাশাসক আশিস কুমার ভাটগাই জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পর স্থানীয় প্রশাসন ও কাস্টমস বিভাগ প্রস্তুতি শুরু করে দিয়েছে।
হিমালয়ের ১৭,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গিরিপথটি ১৯৯২ সাল থেকে বাণিজ্যের জন্য ব্যবহৃত হলেও ২০২০ সালে মহামারীর কারণে বন্ধ হয়ে যায়। বর্তমানে লিপুলেখ পর্যন্ত পাকা রাস্তা তৈরি হওয়ায় আগের তুলনায় অনেক কম সময়ে এবং কম খরচে পণ্য পরিবহন সম্ভব হবে। গুঞ্জি বাণিজ্য কেন্দ্রে ব্যাংক, ইন্টারনেট এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও, এই রুটটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় অর্থনীতিতে জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।