৭ এপ্রিলের মধ্যে এসআইআর মামলার সব নামের নিষ্পত্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গের বহুচর্চিত এসআইআর (SIR) মামলার শুনানিতে বড়সড় আপডেট দিল সুপ্রিম কোর্ট। বুধবার বেলা পৌনে ১১টা নাগাদ শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হয়। শুনানিকালে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, আগামী ৭ এপ্রিলের মধ্যে এই সংক্রান্ত সমস্ত নামের নিষ্পত্তি করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দেওয়া তথ্যের ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠিতে তাঁরা সন্তুষ্ট। ওই চিঠিতে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আদালত সূত্রে আরও জানা গিয়েছে যে, ইতিমধ্যেই প্রায় ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি থাকা কাজগুলো দ্রুত শেষ করার লক্ষ্যে প্রশাসন ও বিচার বিভাগ তৎপর রয়েছে।
শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণে মামলার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মোড় তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি প্রক্রিয়া শেষ হলে দীর্ঘদিন ধরে চলা এই আইনি জটিলতা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। হাই কোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে সন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত দ্রুত কাজ শেষ করার ওপর জোর দিয়েছে। আগামী কয়েক দিন এই প্রক্রিয়ার গতিপ্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সব পক্ষ।