৭ লাখ টাকার গয়নার লোভে চরম নৃশংসতা! বৃদ্ধাকে কুঠার দিয়ে তিন টুকরো করে কাটল প্রতিবেশী

নাগোর জেলার এই লোমহর্ষক হত্যাকাণ্ডে শিউরে উঠছে রাজস্থান। ১৫ মার্চ গবাদি পশুর খাবার কিনতে প্রতিবেশী যুবকের বাড়িতে গিয়েছিলেন ৭০ বছর বয়সি এক বৃদ্ধা। অভিযোগ, তাঁর গলার সোনার হার ও কয়েক লাখ টাকার গয়না দেখে লোভ সামলাতে পারেনি অভিযুক্ত। কথা বলার মাঝেই অতর্কিতে কুঠার দিয়ে বৃদ্ধার ঘাড়ে কোপ বসায় সে। দেহ থেকে মাথা ও পা আলাদা করে মোট তিন টুকরো করে ফেলা হয়। প্রমাণ লোপাটের জন্য দেহটি তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসে ঘাতক।
১৬ মার্চ গ্রামের পাশের ঝোপে কুকুরদের বস্তা টানাটানি করতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পুলিশ এসে খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ বৃদ্ধা শেষবার ওই প্রতিবেশীর বাড়িতেই গিয়েছিলেন। কড়া জেরার মুখে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ তার কাছ থেকে লুট করা প্রায় ৭ লাখ টাকার গয়না উদ্ধার করেছে। চাঞ্চল্যকর তথ্য হলো, খুনের সময় অভিযুক্তের স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে পুরো ঘটনার পুনর্গঠন করা হচ্ছে।