৮০০ কিমি পাল্লার ব্রহ্মোস-এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পথে ভারত

৮০০ কিমি পাল্লার ব্রহ্মোস-এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পথে ভারত

ভারত তার সামরিক শক্তি ও দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে ৮০০ কিলোমিটার পাল্লার উন্নত ব্রহ্মোস-এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের জন্য তৈরি করা হয়েছে। ২০২৬ সালে এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হওয়ার কথা রয়েছে এবং সফল পরীক্ষা শেষে ২০২৮-২৯ সালের মধ্যে এটি ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে পারে।

প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত আধুনিক, যা প্রায় ম্যাক ২.৮ থেকে ৩ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে উন্নত জ্বালানি দক্ষতা, হালকা উপকরণ এবং অত্যাধুনিক দিকনির্দেশনা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এর বিশেষত্ব হলো, এটি যুক্ত হওয়ার ফলে ভারতীয় যুদ্ধবিমানগুলো শত্রুপক্ষের সীমানায় প্রবেশ না করেই নিরাপদ দূরত্ব থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়েক গুণ শক্তিশালী করবে।

ব্রহ্মোস প্রকল্পটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগ, যা ডিআরডিও এবং এনপিও মাশিনোস্ত্রোইয়েনিয়া তৈরি করেছে। বর্তমানে এটি স্থল, জল ও আকাশ—তিন বিভাগেই ব্যবহার করা হয়। ৮০০ কিমি পাল্লার এই সংস্করণটির অন্তর্ভুক্তি ভারতকে বিশ্বের দীর্ঘতম পাল্লার সুপারসনিক আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরিচালনাকারী দেশগুলোর তালিকায় স্থান করে দেবে। এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান ও সামরিক শ্রেষ্ঠত্ব আরও সুসংহত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *