৮০ লক্ষ মানুষের গর্জন ও উত্তাল আমেরিকা! ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস ডে’ বিক্ষোভে ভাঙল ইতিহাসের সব রেকর্ড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনের বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে। শনিবার ‘নো কিংস ডে’ কর্মসূচিতে সামিল হলেন প্রায় ৮০ লক্ষাধিক মানুষ, যা আমেরিকার ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েছে। একসময়ে নিজেকে রসিকতা করে ‘রাজা’ (King) বলা ট্রাম্পকে জবাব দিতেই এই আন্দোলনের নামকরণ।
দেশটির প্রায় ৩ হাজারেরও বেশি ছোট-বড় শহরে ছড়িয়ে পড়েছে এই অভূতপূর্ব গণবিক্ষোভ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে সান ফ্রান্সিসকো— সর্বত্রই প্রতিবাদী মানুষের ঢল। ট্রাম্পের অভিবাসন নীতি, যুদ্ধনীতি ও প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব সাধারণ নাগরিকরা। ২০১৭ সালের ঐতিহাসিক নারী আন্দোলনকেও (Women’s March) ছাপিয়ে গেছে এই জমায়েত।
বিক্ষোভের আঁচ শুধু আমেরিকার গণ্ডিতেই সীমাবদ্ধ নেই। লন্ডন থেকে তেল আভিভ— বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রাম্প বিরোধী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭৭৬ সালের গণতান্ত্রিক আদর্শ রক্ষায় মার্কিন নাগরিকদের এই বিশাল পদযাত্রাকে আধুনিক আমেরিকার বৃহত্তম গণআন্দোলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের ভিড়, যা ট্রাম্প প্রশাসনের ভিত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।