৮৫ ঊর্ধ্বদের ‘ভোট ফ্রম হোম’ নিয়ে বড় বিপাকে কমিশন! তালিকায় নাম থাকলেও কি লাইনে দাঁড়াতে হবে প্রবীণদের?

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনে ‘বিচারাধীন’ ভোটার তালিকা নিয়ে ঘনিয়ে উঠছে তীব্র ধোঁয়াশা। কমিশনের নিয়মের বেড়াজালে আটকে এবার হয়তো বাড়িতে বসে ভোট দেওয়ার সুযোগ হারাতে চলেছেন বহু প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিক।
তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এই অনিশ্চয়তা? নিয়ম অনুযায়ী, ৮৫ ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার জন্য গেজেট নোটিফিকেশনের পাঁচ দিনের মধ্যে আবেদন করতে হয়। কিন্তু বাংলায় ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের নাম চূড়ান্ত হতে দীর্ঘ সময় লাগছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের আগের দিন পর্যন্ত নাম তালিকায় তোলার সুযোগ থাকলেও, সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁরা আর ‘ভোট ফ্রম হোম’-এর জন্য আবেদন করতে পারছেন না।
অভিজ্ঞ আমলাদের মতে, সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশে দেরি হওয়ায় ‘মার্কড ভোটার লিস্ট’ তৈরিতেও সমস্যা দেখা দিচ্ছে। ফলে শারীরিক প্রতিকূলতা থাকলেও শেষ পর্যন্ত অনেক প্রবীণকে বুথের লাইনেই দাঁড়াতে হতে পারে। প্রশাসনিক মহলে এখন একটাই প্রশ্ন—কমিশনের এই আইনি জট কাটিয়ে শেষ পর্যন্ত কতজন প্রবীণ বাড়িতে বসে ভোট দেওয়ার অধিকার পাবেন?