৮ দফায় নয় এবার মাত্র ২ দিনে বঙ্গে বিধানসভা ভোট ঘোষণা কমিশনের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে বড়সড় রদবদল আনল নির্বাচন কমিশন। রাজ্যের ২৯৪টি আসনে এবার মাত্র দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে। রবিবার ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল ভোট নেওয়া হবে। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহল মিলিয়ে ১৫২টি এবং দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে প্রকাশিত হবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল।
আট দফা থেকে ভোট কমিয়ে কেন দুই দফায় নামিয়ে আনা হল, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও ভোটার—সব পক্ষের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে দীর্ঘ সময় ধরে নির্বাচন চলায় আইনশৃঙ্খলা রক্ষার যে চ্যালেঞ্জ তৈরি হতো, এবার তা প্রশমনে আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শুরু হয়েছে এরিয়া ডমিনেশন। হিংসামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।