৮ লক্ষ ভোটারের নাম গায়েব! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের মুখে বাংলার ভোটার তালিকায় মহাপ্রলয়! নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা থেকেই বাদ দেওয়া হয়েছে প্রায় ৮ লক্ষ ভোটারের নাম। ২৭ লক্ষ মানুষের নথি যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যেই এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যদি অনলাইনে তালিকা প্রকাশ করা হয়, তবে সরকারি দফতরে কেন তার হার্ড কপি নেই? সঠিক পরিকল্পনা ছাড়াই কি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে? সোমবার রাতে কমিশন প্রায় ৬০ লক্ষ ভোটারের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলেও ঠিক কতজনের নাম বাদ গিয়েছে, তা নিয়ে এখনও জারি রয়েছে ধোঁয়াশা। প্রবীণ নাগরিকদের লাইনে দাঁড় করিয়ে ভোটাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলেও বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। নির্বাচনের ঠিক আগে এই ‘ভোটার বিপর্যয়’ ঘিরে এখন চরম উদ্বেগ ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে।