৯ দিনে ২৬ জনসভা: ভোটপ্রচারে ঝোড়ো ব্যাটিং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে বিধ্বংসী মেজাজে ধরা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৫ মার্চ নকশালবাড়ি থেকে শুরু করে মাত্র ৯ দিনে তিনি ২৬টি জনসভা সম্পন্ন করেছেন। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের প্রতিটি প্রান্তে প্রার্থীদের সমর্থনে ছুটে বেড়াচ্ছেন তিনি। নেত্রীর স্পষ্ট বার্তা, ২৯১টি আসনে তিনিই মূল প্রার্থী, তাই সাধারণ মানুষ যেন তাঁকে দেখেই ভোট দেন।
প্রতিটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরছেন। বিশেষ করে ‘লক্ষ্মীর ভান্ডার’ ও ‘যুবসাথী’র মতো প্রকল্পগুলিকে হাতিয়ার করে তিনি জনমত গঠনের চেষ্টা করছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা এবং বাংলার অস্মিতার ওপর আঘাতের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসক শিবির।
প্রথম দফার ভোটগ্রহণের আগে হাতে সময় খুবই কম, তাই প্রচারের ঝাঁঝ আরও বাড়াতে মরিয়া ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিরলস জনসভা ও মিছিল তৃণমূল কর্মীদের মনে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের পরিসংখ্যান ও আবেগতাড়িত বক্তৃতা দিয়ে ভোটারদের মন জয় করাই এখন তৃণমূল নেত্রীর মূল লক্ষ্য, যা আসন্ন নির্বাচনে বড়সড় প্রভাব ফেলতে পারে।