সাফল্যের শিখরে পৌঁছেই কি বদলে গেল মন, স্বামীর ধুতি-কুর্তা দেখেই এখন ডিভোর্স চাইছেন পুলিশ অফিসার স্ত্রী

ভোপালে এক পুলিশ আধিকারিকের আচরণে বিস্মিত সমাজ। যে স্বামী নিজের পৌরোহিত্য থেকে অর্জিত সামান্য উপার্জনে স্ত্রীকে পড়াশোনা করিয়ে আজ সাব-ইনস্পেক্টর পদে আসীন করেছেন, আজ সেই স্বামীর বিরুদ্ধেই বিবাহবিচ্ছেদের মামলা লড়ছেন তিনি। আদালতের কাউন্সেলিংয়ে স্ত্রী স্পষ্ট জানান, স্বামীর টিকি রাখা বা ধুতি-কুর্তা পরা তার বর্তমান পদমর্যাদার সঙ্গে মানানসই নয়। তার দাবি, এই সনাতনী পোশাক ও সাধারণ জীবনযাপনের জন্য তিনি জনসমক্ষে স্বামীর পরিচয় দিতে লজ্জিত বোধ করেন।
দীর্ঘ ৬ বছরের দাম্পত্য আজ খাদের কিনারায়। স্বামী জানিয়েছেন, তিল তিল করে অর্থ জমিয়ে স্ত্রীকে স্নাতক শেষ করানো থেকে কোচিংয়ের খরচ জুগিয়েছিলেন তিনি। অথচ চাকরি পাওয়ার পরই স্ত্রী তার অস্তিত্বকে হেয় করতে শুরু করেছেন এবং তাকে যোগ্য মনে করছেন না। বর্তমানে পারিবারিক আদালতে এই বিচিত্র মামলার শুনানি চলছে। বিশেষজ্ঞরা একে পদমর্যাদাজনিত মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করলেও স্ত্রী নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন, যা আধুনিক সম্পর্কের টানাপোড়েনকে নতুন করে উসকে দিয়েছে।