SBI গ্রাহকদের পকেটে টান! এটিএম থেকে টাকা তোলার খরচে বড় বদল, জানুন নতুন নিয়ম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এটিএম ও ADWM মেশিন থেকে টাকা তোলা এবং ব্যালেন্স চেকের চার্জ বাড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অন্য ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের সীমা পার করলে গ্রাহকদের ২৩ টাকা ও জিএসটি দিতে হবে। এমনকি মিনি স্টেটমেন্ট দেখার খরচও বেড়ে হয়েছে ১১ টাকা ও জিএসটি। ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নিয়মে স্যালারি অ্যাকাউন্টের আনলিমিটেড ফ্রি লেনদেন সুবিধাও বাতিল করে মাসে মাত্র ১০টিতে নামিয়ে আনা হয়েছে।
তবে স্বস্তির খবর হলো, এসবিআই এটিএম থেকে লেনদেন এবং কার্ডবিহীন নগদ উত্তোলন আগের মতোই বিনামূল্যে থাকবে। বিএসবিডি ও কিষাণ ক্রেডিট কার্ড গ্রাহকরা এই বর্ধিত চার্জের আওতামুক্ত থাকবেন। সাধারণ সেভিংস অ্যাকাউন্টে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৫টি ফ্রি লেনদেনের সুবিধা অপরিবর্তিত রাখা হয়েছে। ঘনঘন অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারকারীদের ক্ষেত্রে এখন থেকে প্রতিটি অতিরিক্ত লেনদেনে বাড়তি খরচ গুনতে হবে।